সারাদিন কত ট্রেন পরপর আসে যায়
সেই আসা যাওয়া দেখে কত কিজে মনে হয়
জীবনের মানে যেন তার মাঝে খুঁজে পাই
স্টেশনের পাড়টাতে যখন এসে দাঁড়াই।
গমগম করে ট্রেনটা যেমনি স্টেশনে এসে থামল
কত লোক ট্রেনে উঠে এলো আর কত লোক যে নামল।
আওয়াজ করে ট্রেনটা যেমন থামল স্টেশনটিতে
তেমনই ভাবে নতুন জীবন নামল পৃথিবীতে ।
ট্রেনের ভিতর মানুষগুলো যারা বসেছিল
তারাই আবার নতুন করে নতুন সাথী পেল।
সকলে মিলে যায়গাগুলো ভাগকরে বসে বেশ
সকলকে নিয়ে ছুটে চলে এই “জীবন এক্সপ্রেস”।
চলার মাঝে কতই যে কথা জমিয়ে আড্ডা গল্প
হাসিও আছে আবার কোথাও দুঃখও আছে অল্প।
ক্ষণকালের আত্মিওতাও গড়ে ওঠে এই চলার পথে
লক্ষস্থলে পৌঁছতে সব ছুটে চলে চড়ে জীবন রথে।
তারই মাঝে কেউ পৌঁছে গেলে নেমেও যায় চলে,
ক্ষনিকের সেই বন্ধুটাকে “এবার আসি” বলে।
কারও সাথে এই যাত্রা পথে অনেকটা যেতে হয়,
কারো আবার লক্ষ কাছে, কাছেই নামতে হয়।
লক্ষস্থলে পৌঁছে ট্রেনের চলারও হয় শেষ
এতটা পথ এসে থেমে যায় “জীবন এক্সপ্রেস”।
Leave a Reply