খোকার রেল

ট্রেনটা কেমন লাইন দিয়ে লগবগিয়ে ছুটছে
তাইনা দেখে খোকার মুখে মুচকি হাসি ফুটছে
জিজ্ঞাসিলাম ওরে খোকা হাসিস কেন এমন?
বলে “ট্রেনটা বোকার মোতন ছুটছে দেখ কেমন।
ব্যাটার গায়ে এত জোর তবু মুক্ত ব্যাটা নয়,
নিজের বাধাঁ গন্ডি দিয়েই শুধু চলতে হয়।
ইচ্ছা হলেও এদিক ওদিক পারবেনা ব্যাটা যেতে,
পথটা বেঁধে দিয়েছে মানুষ লোহার লাইন পেতে।”
এসব বলে আবার খোকা খিলখিলিয়ে হাসে
কে জানে কি নতুন কথা মাথায় আবার আসে।
বলেকি জানেন-“বগিগুলো দেখে পাচ্ছে হাসি বড়,
ওরা যেন ইঞ্জিনটাকে বলছে আমায় ছাড়।
মাঝের বগি সামনে পেছনে কিছুই দেখতে পায়না,
আমাকে ওটার সামনে পাঠাও ধরেছে ব্যাটা বায়না।
ইঞ্জিনটারও মেজাজ গরম বললে সে চোখ পাকিয়ে
আমার অবস্তাটা তোরা দেখ আগে চোখ তাকিয়ে
নিজেরা চলতে পারিসওনা যত বোকা হাঁদার দল
চুপচাপ তাই আমার পেছনে গড়িয়ে গড়িয়ে চল।
বাকিরা তখন বিরক্তিতে বলে শুধু ধুর ছাই
এই ভেবে আমি বসে বসে হেসে হেসে মরে যাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *